তামিলনাড়ুতে সিনেমাপ্রেমীদের জন্য বড় চমক! প্রেক্ষাগৃহে ভোরের শো চালুর অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুতে সিনেমাপ্রেমীদের জন্য বড় চমক! প্রেক্ষাগৃহে ভোরের শো চালুর অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

দক্ষিণী চলচ্চিত্রের তারকা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শন নিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যে যেকোনো নতুন সিনেমা মুক্তির প্রথম এক সপ্তাহে দিনে সর্বোচ্চ ছয়টি করে শো চালানো যাবে। ১৯৫৭ সালের প্রাচীন তামিলনাড়ু সিনেমা আইনের বিধিনিষেধ ভেঙে এবার সকাল ছয়টা থেকে শুরু হয়ে পরের দিন রাত আড়াইটে পর্যন্ত প্রেক্ষাগৃহ খোলা রাখার সবুজ সংকেত মিলল। এই নির্দেশিকাটি সাধারণ দিনের পাশাপাশি উৎসবের দিন, সরকারি ছুটি এবং সপ্তাহান্তেও কার্যকর থাকবে।

দীর্ঘদিন ধরে তামিল ফিল্ম অ্যাক্টিভ প্রডিউসার্স অ্যাসোসিয়েশন এবং থিয়েটার ও মাল্টিপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশন শোর সংখ্যা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছিল। জনপ্রিয় নতুন ছবি দেখতে গিয়ে দর্শকরা যাতে টিকিটের সংকটে না পড়েন, মূলত সেই উদ্দেশ্যেই সরকারের এই পদক্ষেপ। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, প্রেক্ষাগৃহে দৈনিক প্রদর্শনীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বড় বাজেটের ছবিগুলোর প্রথম সপ্তাহের মোট বক্স অফিস কালেকশন এক লাফে বহু গুণ বেড়ে যাবে। প্রশাসনের এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে প্রযোজক, পরিবেশক এবং হলের মালিকদের মধ্যে ব্যাপক আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *