কলেজের সিলেবাসে যুগান্তকারী পরিবর্তন, বাংলায় আসছে বৈদিক গণিত ও চাণক্য নীতি

বাংলার উচ্চশিক্ষাক্ষেত্রে এক বড়সড় পরিবর্তনের পথে হাঁটল রাজ্য সরকার। নতুন জাতীয় শিক্ষানীতি পুরোপুরি অনুসরণ করে কলেজ ও বিশ্ববিদ্যালগুলির পাঠ্যক্রমে যুক্ত হতে চলেছে প্রাচীন গণিত শাস্ত্র এবং চাণক্য নীতি। ইউজিসির প্রাক্তন চেয়ারপার্সন এম জগদীশ কুমারের নেতৃত্বে গঠিত বিশেষ টাস্ক ফোর্স এই রূপরেখা তৈরি করেছে, যেখানে কল্যাণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল সহ বিশিষ্ট শিক্ষাবিদেরা যুক্ত রয়েছেন। কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের আদলে আধুনিক বিজ্ঞানের পাশাপাশি প্রাচীন ঐতিহ্যকে শিক্ষার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই নতুন সিদ্ধান্তের ফলে পড়ুয়ারা রাষ্ট্রবিজ্ঞান পাঠের পাশাপাশি বৈদিক যুগের গণিত ও শাস্ত্রীয় নীতি সম্পর্কেও জানতে পারবেন। শিক্ষা মহলের একাংশ এই পদক্ষেপকে দেশের সমৃদ্ধ ঐতিহ্য পুনর্স্থাপনের সুযোগ হিসেবে দেখলেও, অন্য একটি অংশ আধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ওপর বাড়তি জোর দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে। সামগ্রিক এই পরিবর্তনের মাধ্যমে বাংলার উচ্চশিক্ষার মডেলকে আরও সময়োপযোগী ও ঐতিহ্যবাহী করে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।