রবিবারেও বৃষ্টির ভ্রূকুটি! কলকাতা কি ফের ভাসবে জলের তলায়?
রবিবার সকাল থেকে কলকাতার আকাশ মোটের উপর পরিষ্কার দেখা গেলেও দুর্যোগের মেঘ এখনও কাটেনি বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উপকূলের জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আপাতত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ফের বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমতে পারে। সার্বিক এই আবহাওয়া পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।