আমূলের পর এ বার উলুবেড়িয়ায় বিশাল বিনিয়োগ! রাজ্যে আসছে হাজারেরও বেশি নতুন কর্মসংস্থান?

রাজ্যের দুগ্ধ ও দুগ্ধজাত শিল্পে বড় বিনিয়োগের জোয়ার অব্যাহত রয়েছে। আমূলের পর এ বার হাওড়ার উলুবেড়িয়ায় ২৫০ কোটি টাকা লগ্নি করে নতুন প্রকল্প গড়ার কথা ঘোষণা করল থ্যাকার ডেয়ারি। শহরের এক অনুষ্ঠানে সংস্থার প্রতিনিধি ঋদ্ধিমা থ্যাকার জানান, মূলত রপ্তানির লক্ষ্যেই এই কারখানা তৈরি হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যেই এর উৎপাদন শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে এক হাজারেরও বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। উল্লেখ্য, এর আগেই হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে ৭০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে আমূল।
এক দিকে যখন একের পর এক শিল্প সংস্থার লগ্নির ঘোষণায় আশার আলো দেখছে অর্থনৈতিক মহল, ঠিক তখনই রাজ্যের নতুন শিল্পনীতি ও জমি নীতি নিয়ে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। তিনি জানান, শিল্পপতি ও বণিকসভাগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে নীতি চূড়ান্ত করতে নবান্নে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। সব মহলের মতামত খতিয়ে দেখে খুব শীঘ্রই রাজ্যের নতুন শিল্পনীতি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।