জমি দুর্নীতি কাণ্ডে বড় মোড়! টানা দু’দিন ধরে সিআইডির মুখোমুখি অভিষেকের পিএ সুমিত রায়

পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় সিআইডির মুখোমুখি হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত রায়। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে শনিবার ভবানী ভবনে হাজিরা দেওয়ার পর, রবিবার টানা দ্বিতীয় দিনের মতো তাঁকে ম্যারাথন জেরা করেন তদন্তকারীরা। শালবনিতে জমি দুর্নীতি এবং শালবনি থানার পুলিশ ও আদালত সূত্রে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে নির্দিষ্ট শর্তে জামিন পেলেও তদন্তে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ রয়েছে তাঁর প্রতি।
মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার গ্রেপ্তারের পরই চাঞ্চল্যকরভাবে এই তদন্তে সুমিতের নাম উঠে আসে। তদন্তকারী সূত্রের অভিযোগ, ছাব্বিশের নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এর আগে শালবনিতে একটি জমি দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ানোর পর থেকেই পুলিশি তল্লাশি শুরু হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। বর্তমানে আদালতের রক্ষাকবচ নিয়ে তিনি সিআইডির মুখোমুখি হলেও, এই হাই-প্রোফাইল জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক তরজা শুরু হয়েছে।