হাই কোর্টে আর্জি খারিজ, চোখের চিকিৎসায় বিদেশ যেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক!

হাই কোর্টে আর্জি খারিজ, চোখের চিকিৎসায় বিদেশ যেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক!

চোখের চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি দিতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতা হাই কোর্টে তাঁর সেই আবেদন খারিজ হওয়ার পর, এবার বিষয়টি গড়িয়েছে দেশের শীর্ষ আদালতে। আগামী সোমবার দুপুর ১২টা নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

অভিষেকের আইনজীবীদের বক্তব্য, চোখের চিকিৎসার জন্য তিনি আগেও একাধিকবার আমেরিকা গিয়েছেন এবং চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতেই তাঁর আবারও সেখানে যাওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে, মে মাসের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে অভিষেকের বিরুদ্ধে অন্তত ১৬টি এফআইআর (FIR) দায়ের হয়েছে। হাই কোর্টের আশঙ্কা ছিল, এই পরিস্থিতিতে তিনি বিদেশ গেলে মামলাগুলির তদন্ত ব্যাহত হতে পারে।

কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অভিষেককে এসএসকেএম (SSKM) হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বাধীন একটি মেডিক্যাল বোর্ডের সামনে পরীক্ষা করাতে হবে। সেই বোর্ড যদি রিপোর্ট দেয় যে এই চিকিৎসা এ দেশে সম্ভব নয়, তবেই বিদেশযাত্রার অনুমতি বিবেচনা করা হবে।

তবে অভিষেক এসএসকেএম হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে রাজি হননি। তিনি সাফ জানিয়ে দেন, প্রয়োজনে হাই কোর্ট তাঁর আর্জি খারিজ করে দিক, তবুও তিনি এসএসকেএম-এ যাবেন না। এর পরই হাই কোর্ট আবেদনটি নাকচ করে দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার গভীর রাতে হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *