ডিম-সয়াবিন নয়! মায়াপুরের গুরুকুলে পড়া যুবকের ‘সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট’ এখন নেটপাড়ায় সুপারহিট

ফিটনেস সচেতন মানুষের কাছে প্রোটিন রিচ ব্রেকফাস্ট এখন প্রতিদিনের ডায়েটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাধারণ প্রোটিন ডায়েট তো অনেকেই খাই, কখনও ‘সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট’-এর কথা শুনেছেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক অদ্ভুত ও স্বাস্থ্যকর খাবারের ভিডিও হু হু করে ভাইরাল হচ্ছে।
আধ্যাত্মিকতা আর স্বাস্থ্য সচেতনতার মেলবন্ধন ঘটিয়ে এই প্রাতরাশটি সামনে এনেছেন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর তমাল। Instagram-এ যিনি mantra_saadhana নামে পরিচিত।
কী থাকছে এই সনাতনী প্রোটিন থালিতে? তমালের তৈরি এই প্রোটিন রিচ ব্রেকফাস্টের প্লেটে রয়েছে:
- টোফু (Tofu): উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম সেরা উৎস।
- তাজা দই (Curd): হজমশক্তি বাড়াতে এবং প্রোটিনের ঘাটতি মেটাতে।
- ফল ও সবজি: আপেল, শসা এবং টমেটো।
- পাউরুটি (Bread): প্রয়োজনীয় কার্বোহাইড্রেটের জন্য।
সম্পূর্ণ নিরামিষ হলেও শরীরের পেশি সুগঠিত রাখা এবং সারাদিনের এনার্জি জোগাতে এই খাবারটি অত্যন্ত কার্যকর বলে দাবি তমালের।
কে এই তমাল? তমালের জীবনযাত্রা কিন্তু বেশ চমকপ্রদ। তিনি আদতে ইজরায়েলের বাসিন্দা। ২০০৯ সালে পরিবারের সঙ্গে ভারতে আসেন এবং পশ্চিমবঙ্গের মায়াপুরের একটি ঐতিহ্যবাহী গুরুকুলে টানা ১২ বছর পড়াশোনা করেন। সেখানে বৈদিক মন্ত্র, পূজা-পার্বণ এবং হোম-যজ্ঞের নিয়ম শেখেন তিনি। ২০২১ সালে গুরুকুলের পাঠ শেষ করে বর্তমানে তিনি পেশায় একজন পুরোহিত ও মন্ত্রসাধক। একইসঙ্গে নিজেকে একজন নিরামিষভোজী বডিবিল্ডার হিসেবে গড়ে তুলেছেন।
শরীরচর্চা, স্ট্রেংথ ট্রেনিং এবং পেশি পুনরুদ্ধারের (Muscle Recovery) জন্য প্রোটিন অত্যন্ত জরুরি। তমালের এই ‘সনাতনী ব্রেকফাস্ট’ প্রমাণ করে দিচ্ছে যে, ডিম বা মাংস ছাড়াও সম্পূর্ণ নিরামিষ খাবারের মাধ্যমেও শরীরে পর্যাপ্ত প্রোটিনের জোগান দেওয়া সম্ভব। আপনিও চাইলে ডায়েটে রাখতে পারেন এই ভাইরাল প্রাতরাশ।