এবার ঘরে বসেই দিতে পারবেন জনগণনার তথ্য! অনলাইনে সেলফ এনুমারেশন না করলে কী হবে জানেন?

অবশেষে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ডিজিটাল জনগণনার প্রথম ধাপ। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, আজ থেকে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ নিজেরাই অনলাইনে ‘সেল্ফ এনুমারেশন’ প্রক্রিয়ার মাধ্যমে তথ্য জমা দিতে পারবেন। নির্ধারিত পোর্টালে ৩৩টি প্রশ্নের উত্তর দিয়ে এই কাজ সম্পন্ন করতে হবে। কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পাণ্ডের তত্ত্বাবধানে এই বিশাল প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। স্বাধীনতার পর এটি ১৬তম এবং স্বাধীন ভারতের ৮ম জনগণনা, যা সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ও মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রথমবারের মতো এই জনগণনায় জাতিভিত্তিক তথ্যও সংগ্রহ করা হচ্ছে।
যাঁরা ১৫ আগস্টের মধ্যে অনলাইনে এই ফর্ম ফিলাপ করতে পারবেন না, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গণনাকারীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই ও সংগ্রহ করবেন। কলকাতাকে মোট ৮,১১২টি ব্লকে ভাগ করে পুরকর্মী ও শিক্ষকদের সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হয়েছে। অনলাইনে আবেদনকারীরা একটি ১১ সংখ্যার আইডি পাবেন, যা গণনাকারীদের দেখাতে হবে। ভুল তথ্য দিলে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এরপর আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জনগণনার দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হবে।