হাতছাড়া কার্যালয় উদ্ধার করতে গিয়ে পুলিশের বাঁধায় ধর্নায় বসলেন অধীর!

মুর্শিদাবাদের নওদার আমতলায় হাতছাড়া হওয়া কংগ্রেস কার্যালয় পুনরুদ্ধারে নেমে পুলিশি বাধার মুখে পড়ে ধর্নায় বসলেন প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল জমানায় দখল হওয়া এই দলীয় কার্যালয় ফিরিয়ে দেওয়ার আশ্বাস প্রশাসন রাখেনি বলে অভিযোগ করেন তিনি। শনিবার বিকেলে দলীয় কর্মীদের নিয়ে কার্যালয়ে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়, ফলে বিবাদের সৃষ্টি হয় এবং সিঁড়িতেই অবস্থান ধর্নায় বসে পড়েন অধীরবাবু। তিনি অভিযোগ করেন, প্রশাসন নির্দিষ্ট শিবিরের হয়ে কাজ করছে এবং এই কার্যালয় যে কোনো মূল্যে উদ্ধার করা হবে।
স্থানীয় রাজনৈতিক সংঘাতের পাশাপাশি আরজি করের তদন্ত এবং সুমিত রায়ের প্রসঙ্গ টেনে প্রশাসনকে তীব্র আক্রমণ করেন এই কংগ্রেস নেতা। আরজি করের ঘটনায় দীর্ঘদিন পেরিয়ে গেলেও শুধুমাত্র মুখের কথায় বিচার সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, আইনি বিতর্কে জড়ানো সুমিত রায় কীভাবে পুলিশের নজর এড়িয়ে এতদিন অধরা থেকে গেলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যাতায়াত করলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন অধীর চৌধুরী। এই পরিস্থিতি রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতার চরম অভাবকে তুলে ধরেছে বলে দাবি করেন তিনি।