রাজ্যে এক ধাক্কায় আটশো হোমগার্ড নিয়োগ! ট্রাফিক সামলাতে বড় পদক্ষেপ লালবাজারের

কলকাতা পুলিশের ট্রাফিক ব্যবস্থায় গতি আনতে এবং যানজট এড়াতে অস্থায়ীভাবে ৮০০ জন হোমগার্ড নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্যাসাগর সেতুতে দীর্ঘমেয়াদী সংস্কার কাজের জেরে উদ্ভূত যানজট সামাল দিতে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর এই নিয়োগের জন্য ১০ কোটি ৮৮ লক্ষ টাকার বাজেট বরাদ্দ করেছে। লালবাজার সূত্রে জানা গেছে, কলকাতা পুলিশ কমিশনারের কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
দীর্ঘদিন ধরে চলা কর্মী সংকটের কারণে শহরের বিভিন্ন ট্রাফিক গার্ড এলাকায় পর্যাপ্ত জনবলের অভাব দেখা দিয়েছিল। মূলত সেই ঘাটতি পূরণ করতেই এই নতুন হোমগার্ডদের ব্যস্ততম ট্রাফিক রুটগুলোতে মোতায়েন করা হবে, যাদের প্রধান দায়িত্ব হবে রাজপথে যান চলাচল স্বাভাবিক রাখা। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনের এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ শহরবাসীর যাতায়াত আরও মসৃণ করবে বলেই আশা করা হচ্ছে।