ধর্মীয় টুপি পরেই বাইক চালাচ্ছেন? রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর এই নতুন নির্দেশ না মানলে বড় বিপদ!

রাজ্যজুড়ে পথ নিরাপত্তা সপ্তাহের প্রচারে নেমে বাইক আরোহীদের সুরক্ষায় কঠোর বার্তা দিলেন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। রাজাবাজার, পার্ক সার্কাস, খিদিরপুর এবং মেটিয়াবুরুজের মতো জনবহুল এলাকার বাস্তবচিত্র তুলে ধরে তিনি স্পষ্ট জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানিয়েও বাইক চালকদের অবশ্যই মাথায় হেলমেট পরতে হবে। কলকাতার বিভিন্ন প্রান্তে দেখা যায়, অনেক চালক ফেজ টুপি পরে বাইক চালাচ্ছেন কিন্তু হেলমেট ব্যবহার করছেন না। মন্ত্রীর মতে, দুর্ঘটনায় প্রাণ বাঁচাতে ধর্মীয় টুপি নয়, একমাত্র হেলমেটই রক্ষা কবচ হিসেবে কাজ করে। তাই টুপি পরে থাকলেও তার উপর বাধ্যতামূলকভাবে হেলমেট পরার আর্জি জানিয়েছেন তিনি।
পাশাপাশি, দুই চাকার গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন এবং শিশুদের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। অনেক সময় একটি স্কুটারে পাঁচজন পর্যন্ত যাতায়াত করতে দেখা যায়, যা অত্যন্ত বিপজ্জনক। এছাড়া শিশুদের হেলমেট ছাড়াই মাঝখানে বসিয়ে বাইক চালানোর প্রবণতা অবিলম্বে বন্ধ করার নিদান দেওয়া হয়েছে। চার চাকার ক্ষেত্রেও শুধু চালক নন, পিছনের আসনযাত্রীদেরও সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হয়েছে। পথ দুর্ঘটনায় লাগাম টানতে এবং মৃত্যুর মিছিল থামাতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য প্রশাসন।