হরমুজ জট কি তবে থামাবে ইরান যুদ্ধ! ট্রাম্পের সুর নরম হতেই বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্য!

পাঁচ মাস ধরে চলা ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড় এসেছে। পরমাণু প্রকল্প বন্ধ করার মূল উদ্দেশ্য আপাতত একপাশে সরিয়ে রেখে, হরমুজ প্রণালী খুলে দিলেই যুদ্ধ থেকে সরে আসার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক স্তরে তেলের বাজারে অস্থিরতা এবং ঘাড়ের কাছে কড়া নাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কথা মাথায় রেখে সম্মানজনকভাবে এই নিষ্ফলা যুদ্ধের ইতি টানতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। তবে বিষয়টি অতটা সহজ নয়, কারণ জলপথ পুরোপুরি উন্মুক্ত করার বিনিময়ে তেহরান একগুচ্ছ কড়া শর্ত চাপিয়েছে ওয়াশিংটনের ওপর।
ইরানের পক্ষ থেকে বিলিয়ন ডলার ক্ষতিপূরণ, সীমান্ত থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং সেনা সরানোর মতো দাবি জানানো হয়েছে। এই শর্তগুলো মেনে নিলে মার্কিন শক্তির অহঙ্কারে আঘাত হানতে পারে, আবার না মানলে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা থেকে যাচ্ছে। ওমানের মধ্যস্থতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চললেও হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। সব মিলিয়ে, আগামী তিন মাসের মধ্যে মার্কিন নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প কীভাবে এই কূটনৈতিক সংকট কাটিয়ে ওঠেন এবং ইরান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার বিষয়।