পরমাণু চুক্তি ছাড়াই কি যুদ্ধ থামিয়ে বিজয়ী হচ্ছেন ট্রাম্প, শর্তের বেড়াজালে বড় সংকটে আমেরিকা!
.jpeg.webp?ssl=1)
ইরান যুদ্ধে কি এবার ইতি টানতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীতে বাণিজ্য ও আন্তর্জাতিক জাহাজ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হলে, পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ সমাপ্তি ঘটিয়ে নিজেদের বিজয়ী ঘোষণা করতে প্রস্তুত মার্কিন প্রশাসন। আমেরিকান আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে সম্প্রতি ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক রিপোর্টে এই ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাত শুরু হলে, বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান এই জলপথে কড়া নিয়ন্ত্রণ কায়েম করে তেহরান। যুদ্ধ থামানোর মার্কিন ইঙ্গিতের জবাবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আমোলি লারিজানি স্পষ্ট জানিয়েছেন, যেকোনও মূল্যে হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব ছাড়বে না তেহরান।
ওমানের সঙ্গে নতুন শিপিং রুট চালুর কাছাকাছি পৌঁছলেও পরিস্থিতি এখনও জটিল। ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ওমান-ইরান সমঝোতার কথা জানালেও অবিলম্বে প্রণালীটি সব জাহাজের জন্য খোলার কোনো নিশ্চয়তা নেই। এদিকে যুদ্ধ শেষের পথে হাঁটার আগে আমেরিকা ও তার সহযোগীদের সামনে একগুচ্ছ কঠোর শর্ত তুলে ধরেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি বডির সচিব মোহাম্মদ বাকের জোরকাদর। শর্তগুলির মধ্যে রয়েছে যুদ্ধকালীন ক্ষতিপূরণ, সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা সম্পদ ফেরত দেওয়া এবং ইরান সহ সহযোগী দেশগুলির উপর মার্কিন আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা। ফলে ওমানের মধ্যস্থতা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের জন্য যুদ্ধ বন্ধের এই পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ হয়ে উঠেছে।