শতাব্দীর সবচেয়ে ভয়াবহ জল তাণ্ডব! আসামে বন্যায় প্রাণ গেল ১০০ জনের, ঘরছাড়া লক্ষাধিক মানুষ
.jpg.webp?ssl=1)
আসামে ভয়াবহ প্লাবনের তাণ্ডবে প্রতিনিয়ত বাড়ছে দুর্গত মানুষের ভোগান্তি ও মৃত্যুর মিছিল। রাজ্যজুড়ে চলা এই প্রাকৃতিক দুর্যোগে চলতি বন্যায় মোট মৃতের সংখ্যা একশ ছুঁয়ে ফেলেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গোলাঘাট ও কার্বি আংলং জেলায় জলে ডুবে নতুন করে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও রাজ্যের অন্তত সাতটি জেলার প্রায় ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ এখনও চরম জলযন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। সবচেয়ে মারাত্মক অবস্থা গোলাঘাট জেলার, যেখানে প্রায় ৭০ হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন।
পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বহু ত্রাণশিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে হাজার হাজার গৃহহীন মানুষ এই শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন। প্লাবনের তোড়ে কয়েকশ গ্রাম সম্পূর্ণ জলের তলায় তলিয়ে থাকার পাশাপাশি হাজার হাজার হেক্টর জমির ফসল ও ৪৩ হাজারের বেশি গবাদি পশু ক্ষতিগ্রস্ত বা মৃত হয়েছে। গ্রামীণ সড়ক, সেতু এবং পরিকাঠামো ধ্বংসের পাশাপাশি বেশ কয়েকটি নদীর জলস্তর এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোগ মহামারী রোধ ও দ্রুত পুনর্বাসনের মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়ানো এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।