পুজোর আগেই ব্রণের ভয়, মাত্র ৪ অভ্যাসে ত্বক ফিরবে স্বাভাবিক রূপে

উৎসবের মরশুমে ত্বকের বিশেষ যত্ন নিতে গিয়ে অজান্তেই কিছু ভুলের কারণে ব্রণের সমস্যা বেড়ে যায়। দামি ট্রিটমেন্ট বা ফেশিয়াল ছাড়াই মুখ ধোয়ার কয়েকটি সাধারণ নিয়ম বদলে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেকে তৈলাক্ত ত্বক ভেবে দিনে বহুবার ফেসওয়াশ ব্যবহার করেন, যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও প্রয়োজনীয় তেল নষ্ট করে দেয়। এর ফলে ত্বক সুরক্ষার তাগিদে আরও বেশি তেল নিঃসরণ করে এবং ব্রণের দাপট বাড়ে। তাই দিনে দু’বারের বেশি ফেসওয়াশ ব্যবহার না করে প্রয়োজনে ঠান্ডা জল ব্যবহার করা উচিত। পাশাপাশি দানাযুক্ত স্ক্রাব দিয়ে মুখ অতিরিক্ত ঘষাঘষি করলে জীবাণু সারা মুখে ছড়িয়ে পড়ে এবং ব্রণ মারাত্মক রূপ ধারণ করে।
মুখ ধোয়ার ক্ষেত্রে জলের তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতিরিক্ত গরম জল ত্বকের স্বাভাবিক সামঞ্জস্য নষ্ট করে ত্বক রুক্ষ করে দেয়, তাই স্বাভাবিক বা ঈষদুষ্ণ জল ব্যবহার করাই শ্রেয়। মুখ মোছার সময় তোয়ালে দিয়ে না ঘষে আলতো হাতে চেপে জল মুছতে হবে। এছাড়া বিজ্ঞাপনের চটক কিংবা সোশ্যাল মিডিয়ার পরামর্শ শুনে হঠাৎ নতুন কোনো প্রোডাক্ট ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। সবার ত্বকের ধরন এক নয়, তাই নিজের প্রয়োজন বুঝে মাইল্ড ক্লিনজার বেছে নেওয়া উচিত। সমস্যা জটিল হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।