দিনের পর দিন ক্রকস পরছেন? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ!

হালকা ও আরামদায়ক হওয়ায় ক্রকস জুতো বর্তমানে সব বয়সি মানুষের দৈনন্দিন সঙ্গী হয়ে উঠেছে। তবে চিকিৎসকরা সতর্ক করে জানাচ্ছেন, নিয়মিত দীর্ঘ সময় এই জুতো পরলে পায়ের মারাত্মক ক্ষতি হতে পারে। ক্রকসের সোলে কোনো আর্চ সাপোর্ট না থাকায় পায়ের স্বাভাবিক খিল ধীরে ধীরে বসে যায়। এর ফলে তীব্র গোড়ালি ব্যথা এবং প্ল্যান্টার ফ্যাসাইটিসের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে। এছাড়া জুতোটি পায়ে শক্তভাবে আটকে না থাকায় হাঁটার সময় পা পিছলে গোড়ালি মোচড়ানোর ঝুঁকিও থাকে বহুগুণ।
বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই জুতোর প্রভাব আরও বিপজ্জনক হতে পারে, কারণ তাদের কোমল হাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। চিকিৎসকদের পরামর্শ, ক্রকস মূলত স্নানঘর বা পুলের ধারে ব্যবহারের জন্য উপযোগী, দীর্ঘ সময় হাঁটা বা কাজের জন্য নয়। তাই সুস্থ থাকতে প্রতিদিনের ব্যবহারের ক্ষেত্রে আর্চ সাপোর্টযুক্ত সঠিক জুতো বেছে নেওয়াই শ্রেয়।