কানে হেডসেট লাগিয়ে নিন, আর ‘চোর’ শুনতে হবে না! মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত এক ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়িতে জুতো, কাদা ও ইট-পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে, যা নিয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেন। তবে এই ঘটনায় বিজেপির কোনও যোগ নেই বলে দাবি করে শুভেন্দু জানান, এটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত জনরোষ। পাশাপাশি কটাক্ষ করে তিনি বলেন, বাইরে বেরোলে মমতার উচিত কানে হেডসেট লাগিয়ে নেওয়া, তাহলে আর তাঁকে ‘চোর’ স্লোগান শুনতে হবে না।
রবিবার জলহাটিতে একটি স্মরণসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, মমতা পুলিশকে না জানিয়েই ছুটির দিনে রাজনীতি করতে সেখানে গিয়েছিলেন। তা সত্ত্বেও জেড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুলিশ সম্পূর্ণ সহায়তা করেছে। শুভেন্দুর দাবি, নিহতের পরিবারও মমতার এই অপ্রত্যাশিত সফর চায়নি। অন্যদিকে, এই বিষয়ে কিছুটা ভিন্ন সুর শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলায়। তিনি জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনেক দোষ থাকতে পারে, তবে তাঁর দিকে জুতো বা কাদা ছোড়া একেবারেই অনভিপ্রেত ও অনুচিত।