আগস্টেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা, সোমবার বড় ঘোষণায় কাটছে কি রাজ্যের মহিলাদের সব টেনশন?

অন্নপূর্ণা যোজনার ভাতার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে রাজ্যের মহিলাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছেন মুখ্যমন্ত্রী। জুন ও জুলাই মাসে মাসের শুরুতেই বহু আবেদনকারী অ্যাকাউন্টে ৩০০০ টাকা পেয়ে গেলেও, অগাস্টে এখনও অর্থ প্রদান শুরু না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে আবেদনকারীদের সমস্ত চিন্তা দূর করতে সোমবার, ১০ অগাস্ট নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। কীভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে এবং কারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, সেই সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য আগামীকালের এই বৈঠক থেকেই সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আগামী ১৭ অগাস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। এছাড়া সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে। গত ১০ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন ১৭ অগাস্টের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। তবে ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগবে। সরকারি নিয়ম মেনেই স্বচ্ছতার সঙ্গে এই অর্থ প্রদান করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।