মাসে ১০ হাজার টাকা, সরকারি বাসে ফ্রি! ‘লোকতন্ত্র সেনানী’দের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষায় লড়াই করা ৩২৫ জন ‘লোকতন্ত্র সেনানী’-কে বিশেষ সম্মান জানাল রাজ্য সরকার। নবান্নের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তালিকাভুক্ত এই সেনানীরা এখন থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মানিক ভাতা পাবেন। পাশাপাশি, সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য অতিরিক্ত ১ হাজার টাকা এবং রাজ্যের সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হবে। কোনো সেন সেনানীর প্রয়াণ ঘটলে তাঁর স্ত্রী বা স্বামীও এই সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানের মঞ্চ থেকে ১৯৭৫ সালের ২৫ জুনের জরুরি অবস্থার কঠিন দিনগুলির কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সেই সময় গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রায় এক লক্ষ মানুষ কারাবরণ করেছিলেন, যার মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ হাজার বাসিন্দা ছিলেন। বর্তমান প্রজন্মের কাছে দেশপ্রেম ও সঠিক ইতিহাস তুলে ধরার ওপর জোর দিয়ে তিনি বলেন, অতীতে এই ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা হলেও সেনানীদের আত্মত্যাগের ভিত্তির ওপরই আজকের সরকার প্রতিষ্ঠিত। লোকতন্ত্র সেনানী সঙ্ঘের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যতে সংগঠনের যেকোনো গঠনমূলক পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন।