‘পেরেক মেরে ফুটো করা হয়েছিল!’ লকআপে বিরজুর উপর কী হয়েছিল? বিস্ফোরক দাবি স্ত্রীর

পুলিশি হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কেওতের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। হালিশহরে মৃত ওই কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। এই আবহে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন নিহত বিরজুর স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওত। তাঁর দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণেই থানায় তাঁর স্বামীকে তুলে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে।
বিরজুর স্ত্রীর অভিযোগ, লকআপে হাত-পা বেঁধে মারধর করা হয় এবং তাঁর পায়ে পেরেক দিয়ে ফুটো করে দেওয়া হয় এমনকি গরম জলের ছ্যাঁকার মতো কালো দাগও রয়েছে। স্বামীর মর্মান্তিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পরিবারে নেমে আসা এই চরম আর্থিক সংকটের কথা বিবেচনা করে নিহতের স্ত্রীকে চাকরির পাশাপাশি ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।