শতবর্ষের ইতিহাস বদলে গেল! উত্তরপ্রদেশের গঙ্গায় হদিশ মিলল রুপোলি ইলিশের

দীর্ঘ কয়েক দশক পর উত্তরপ্রদেশের গাজিপুরে জেলের জালে ধরা পড়ল কাঙ্ক্ষিত ইলিশ মাছ। একটা সময় গঙ্গার দীর্ঘ উজানপথ ধরে কানপুর বা আগ্রা পর্যন্ত ইলিশের অবাধ যাতায়াত থাকলেও, ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পর থেকে উত্তরপ্রদেশের গঙ্গায় এই মাছ প্রায় অমিল হয়ে গিয়েছিল। পরিযায়ী পথ ও প্রজনন চক্র ব্যাহত হওয়ায় যোগীরাজ্যে রুপোলি শস্য একপ্রকার হারিয়েই গিয়েছিল। কিন্তু সম্প্রতি গাজিপুরের গঙ্গায় দুটি ইলিশ উদ্ধারের ঘটনা সেই দীর্ঘ খরায় ইতি টেনেছে।
মৎস্যবিজ্ঞানীদের মতে, এই বেনজির ঘটনা গঙ্গার জলপ্রবাহ ও বাস্তুতন্ত্রের অনুকূল পরিবেশ ফিরে পাওয়ার একটি বড় ইঙ্গিত। মূলত বেশি অক্সিজেনযুক্ত ও পরিষ্কার জেলেই ইলিশের বসবাস নিরাপদ হয়। সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন এবং স্থানীয় জেলেরা নদীর কোলঘেঁষা এলাকায় আরও ইলিশ দেখার কথা জানিয়েছেন। বহু বছর পর উত্তরপ্রদেশের গঙ্গায় ইলিশের এই উপস্থিতি গবেষক মহলে যেমন বিস্ময় তৈরি করেছে, তেমনই নদী পরিষ্কার রাখার প্রচেষ্টার ক্ষেত্রে এক ইতিবাচক বার্তা বয়ে এনেছে।