জরুরি অবস্থার সেনানী সম্মান, প্রতি মাসে ১০,০০০ টাকা পেনশনের ঐতিহাসিক সিদ্ধান্ত!

১৯৭৫ সালের জরুরি অবস্থার সময়ে যেসব সংগ্রামী গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে কারাবরণ করেছিলেন, তাঁদের অবদানকে সম্মান জানাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। তাঁদের বীরত্ব ও ত্যাগের স্বীকৃতি হিসেবে ‘পশ্চিমবঙ্গ গণতন্ত্র সেনানী সম্মান’-এর অধীনে প্রতি মাসে ১০,০০০ টাকা পেনশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
প্রকল্পের প্রধান সুবিধাগুলো:
- মাসিক পেনশন: চিহ্নিত মোট ৩২৫ জন জরুরি অবস্থার রাজনৈতিক বন্দিকে প্রতি মাসে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
- বিনামূল্যে পরিবহন: সুবিধাভোগীরা রাজ্যের যেকোনো সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
- চিকিৎসা সহায়তা: সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে প্রতি মাসে ১,০০০ টাকা পর্যন্ত বিশেষ স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা থাকবে।
- পারিবারিক সুরক্ষা: মূল সুবিধাভোগীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রী এই পেনশন এবং আনুসঙ্গিক সুবিধাগুলো পেতে থাকবেন।
পটভূমি ও প্রতিক্রিয়া
১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারির পর সারা দেশে প্রায় ১ লক্ষ এবং পশ্চিমবঙ্গে প্রায় ৫,০০০ মানুষকে গ্রেফতার করা হয়েছিল। সেই কালো দিনগুলোতে সংসদীয় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বন্দিদের অবদান ছিল অনস্বীকার্য। সরকার ক্ষমতায় আসার ৯০ দিনের মধ্যেই নিজেদের দেওয়া এই প্রতিশ্রুতি পূরণ করল। পাশাপাশি, জরুরি অবস্থার বন্দিদের সংগঠন ‘লোকতন্ত্র সেনানি সংঘ’-এর গঠনমূলক পরামর্শগুলোকেও ভবিষ্যতে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।