‘বন্দে মাতরম’ নিয়ে তামিলনাড়ুতে নয়া প্রস্তাব, এবার সরাসরি কেন্দ্রের মুখোমুখি বিজয়!

কেন্দ্রীয় নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি অনুষ্ঠানে জাতীয় গানের আগে রাজ্য সঙ্গীত ‘তামিল থাই ভাজ্থু’ গাওয়ার প্রস্তাব পাশ করল তামিলনাড়ু বিধানসভা। মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের এই ঐতিহাসিক পদক্ষেপে কেন্দ্রের সঙ্গে সরাসরি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংঘাতের আবহ তৈরি হয়েছে। বিরোধী দল ডিএমকে এবং এআইডিএমকে-র পূর্ণ সমর্থনে পাস হওয়া এই নতুন নিয়মের ফলে এখন থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং সরকারি দপ্তরগুলিতে আয়োজিত প্রতিটি অনুষ্ঠানের শুরুতে রাজ্য সঙ্গীতকেই সর্বোচ্চ স্থান দেওয়া বাধ্যতামূলক করা হলো।
বিধানসভায় নিজের জোরালো বক্তব্যে মুখ্যমন্ত্রী বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভাষা ও সংস্কৃতির প্রশ্নে কোনোভাবেই কোনো সমঝোতা করবে না রাজ্য সরকার। মাতৃভাষাকে মাতৃত্বের সমতুল্য পবিত্র উল্লেখ করে তিনি দাবি করেন, তামিল কেবল কোনো ভাষা নয়, বরং তা তামিলনাড়ুর সাড়ে সাত কোটি মানুষের জীবনরেখা ও আত্মমর্যাদার প্রতীক। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি অনুষ্ঠানে প্রথমে জাতীয় গান ‘বন্দে মাতরম’ এবং পরে জাতীয় সঙ্গীত বাজাতে হবে। সেই নির্দেশিকাকে সরাসরি উপেক্ষা করার ফলে এই ঘটনা আগামী দিনে কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে দক্ষিণী রাজনীতিতে এক নতুন ও তীব্র উত্তেজনার জন্ম দিতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।