মীনাক্ষী মুখোপাধ্যায়ের হুঙ্কারে রণক্ষেত্র আসানসোল! ব্যারিকেড ভেঙে ধুন্ধুমার, শেষ পর্যন্ত কী ঘটল জানেন?

দেশজুড়ে শ্রমিক ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদে বামেদের ‘জেল ভরো’ আন্দোলনকে কেন্দ্র করে সোমবার চরম উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। শতাব্দী পার্ক থেকে শুরু হওয়া বিশাল মিছিলটি পুলিশ লাইনের দিকে এগোতেই পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। আন্দোলনকারীরা একে একে পুলিশের তিনটি ব্যারিকেড ভেঙে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী, জলকামান ও দমকল মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝেই সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।
বক্তৃতা শেষ হতেই পুলিশ এই হাই-ভোল্টেজ কর্মসূচির নেতৃত্ব দেওয়া মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একাধিক শীর্ষ বাম নেতাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে। তাঁদের দুটি বাস ও প্রিজন ভ্যানে করে সোজা থানায় নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, রেশন থেকে নাম বাদ যাওয়া, হকার উচ্ছেদ, কলিয়ারি ও স্টিল প্ল্যান্ট বন্ধ হওয়া এবং বিদ্যুতের বিল বৃদ্ধির মতো নানা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এই আন্দোলন চলছে। পুলিশি পাহারা দিয়ে এই জনরোষ থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতারা।