সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জের! রহস্যজনকভাবে মিলল যুবকের মৃতদেহ, খুন নাকি আত্মহত্যা?

মুর্শিদাবাদের ডোমকল থানাধীন ভগীরথপুর এলাকায় এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তীব্র অশান্তির জেরে রাতভর নিখোঁজ থাকার পর সোমবার সকালে ভৈরব নদের কালুদিয়াড় ঘাট সংলগ্ন এলাকা থেকে ২২ বছর বয়সি অভীক ঘোষের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে রবিবার মা ও ঠাকুমার সঙ্গে বাকবিতণ্ডার পর বাড়ি থেকে বেরিয়ে যান অভীক। সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত খুন এবং প্রমাণ লোপাটের জন্য মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।