পুজোর ট্রেনের টিকিট কাটা শুরু কবে থেকে? টিকিট কনফার্ম না হলেই বা কী করবেন?

পুজোর ট্রেনের টিকিট কাটা শুরু কবে থেকে? টিকিট কনফার্ম না হলেই বা কী করবেন?

আর মাত্র দু’মাসের অপেক্ষা! পুজো আসার সাথে সাথেই শুরু হয়ে যাবে বাঙালির বহুল প্রতীক্ষিত ছুটির মরশুম। এই টানা ছুটিতে অনেকেই পাহাড় কিংবা সমুদ্র— কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার ছক কষছেন। কিন্তু ভ্রমণের আনন্দ শুরুর আগেই বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ট্রেনের টিকিট বুকিং। টিকিট খোলার কয়েক মিনিটের মধ্যেই সব সিট বুক হয়ে যায়, ফলে অনেকেই পড়েন মহা বিপদে।

তবে রেলের নিয়ম ও টিকিট খোলার দিনক্ষণ আগে থেকে জানা থাকলে এই ঝক্কি অনেকটাই কমানো সম্ভব। টিকিট কনফার্ম না হলে যাত্রীদের জন্য বিশেষ বিকল্প ব্যবস্থাও রাখছে ভারতীয় রেল।

টিকিট কাটার নতুন নিয়ম ও তারিখ

রেলের নতুন নিয়ম অনুযায়ী, এখন আর চার মাস আগে নয়— যাত্রার সর্বোচ্চ ৬০ দিন (২ মাস) আগে টিকিট কাটা যায়।

এবারের পুজোয় সপ্তমী দু’দিন পড়ায় ছুটি বেশ লম্বা। আগামী ১৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ছুটির মূল মরশুম। আপনি কবে বেরোবেন, সেই অনুযায়ী জেনে নিন টিকিট বুকিংয়ের দিনক্ষণ:

  • ১৪ অক্টোবর (চতুর্থী): টিকিট কাটা শুরু ১৫ আগস্ট সকাল ৮টা থেকে।
  • ১৫ অক্টোবর (পঞ্চমী): টিকিট কাটা শুরু ১৬ আগস্ট সকাল ৮টা থেকে।
  • ২১ অক্টোবর (দশমী/ফেরার দিন): টিকিট কাটা শুরু ২২ আগস্ট সকাল ৮টা থেকে।

যাত্রীরা IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ কিংবা সরাসরি রেলের টিকিট রিজার্ভেশন কাউন্টার থেকে সকাল ৮টা বাজলেই টিকিট কাটতে পারবেন।

টিকিট ওয়েটিং থাকলে উপায় কী?

পুজোর মরশুমে ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার সুযোগ খুবই কম থাকে। এই চাপ সামলাতে পূর্ব রেলের তরফে প্রতিবারের মতো এবারও বেশ কিছু ‘পুজো স্পেশাল ট্রেন’ চালানো হবে। পুজো শুরুর দু’সপ্তাহ আগে থেকে শুরু করে কালীপুজো পর্যন্ত চালু থাকবে এই বিশেষ পরিষেবা। খুব জলদিই এই স্পেশাল ট্রেনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করবে পূর্ব রেল।

তা সত্ত্বেও যদি সাধারণ বুকিংয়ে টিকিট কনফার্ম না হয়, তবে যাত্রীদের জন্য শেষ মুহূর্তের ভরসা হিসেবে তৎকাল (Tatkal) এবং প্রিমিয়াম তৎকাল (Premium Tatkal) কোটার সুবিধা তো থাকছেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *