ভয়ঙ্কর পরিণতি! আমেরিকার রাস্তায় ট্রাকের চাকায় পিষে মর্মান্তিক মৃত্যু মেধাবী ভারতীয় ইঞ্জিনিয়ারের!

আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের ম্যাসিডোনিয়া এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ বছর বয়সি ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বুঙ্গাতাভুলা। অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার বাসিন্দা দিলীপ কেন্ট স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ সায়েন্স সম্পন্ন করার পর সম্প্রতি আমেরিকার একটি সংস্থায় পেশাগত জীবন শুরু করেছিলেন। পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, গাড়ি চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক ডিভাইডার টপকে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে গাড়ি থেকে ছিটকে পড়ার পর ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দিলীপের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউইয়র্কে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে ইতিমধ্যে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ভারতে মরদেহ ফিরিয়ে আনা সহ সব ধরনের প্রশাসনিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। মার্কিন মুলুকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন অধরা রেয়ে যাওয়ায় দিলীপের নিজ গ্রাম জেত্তিভারিপল্লীতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তরুণ এই প্রতিভাবান ইঞ্জিনিয়ারের এমন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মী ও পরিচিত মহল।