‘সিভি জমা দিন!’ বাঁকিপুরে জয়ের পরেই ১০ হাজার চাকরির ‘Mega Plan’ প্রশান্ত কিশোরের!

পটনা: বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে প্রায় তিন দশকের পুরনো বিজেপির দুর্গ ভেঙে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ পার্টি’। বিজয়ের পরেই এবার বিহারের শিক্ষিত বেকারদের জন্য এক বিরাট মাস্টারপ্ল্যান সামনে আনলেন নবনির্বাচিত এই বিধায়ক। আগামী ২ বছরের মধ্যে এলাকার অন্তত ১০ হাজার বেকার যুবক-যুবতীকে বেসরকারি ক্ষেত্রে চাকরি দেওয়ার বিশাল লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি।
সংবাদসূত্রে খবর, বিজেপির রাজ্য সভাপতি নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় খালি হয়েছিল বাঁকিপুর আসনটি। গত ৩ আগস্টের উপনির্বাচনে জয়ী হয়ে প্রথমবার ধন্যবাদ জ্ঞাপন সফরে বের হন প্রশান্ত কিশোর। সেখানে উপস্থিত হয়েই তিনি স্থানীয় পরিবারগুলোর উদ্দেশ্যে বার্তা দেন— তাদের ঘরের শিক্ষিত বেকার সন্তানদের যেন দ্রুত তাঁর অফিসে ‘সিভি’ (CV) বা বায়োডাটা জমা দেওয়া হয়।
প্রশান্ত কিশোর জানান, সরকারি ক্ষেত্রে তৎক্ষণাৎ সম্ভব না হলেও নিজের পরিচিতি ও যোগাযোগের সমস্ত প্রভাব কাজে লাগিয়ে বিহার এবং অন্যান্য রাজ্যেও এই ১০ হাজার যুবকের চাকরির ব্যবস্থা তিনি করবেন। এমনকি পরবর্তীতে জন সুরাজ দল ক্ষমতায় এলে বিহারের বুকেই প্রচুর কর্মসংস্থান তৈরির আশ্বাসও দেন তিনি।
চাকরির পাশাপাশি শিক্ষার মান উন্নত করা নিয়েও এক নজিরবিহীন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। PK প্রতিশ্রুতি দেন, আগামী এক বছরের মধ্যে বাঁকিপুরের সরকারি স্কুলগুলোর পড়ার মান তিনি এতটাই উন্নত করবেন যে অভিভাবকরা বাধ্য হয়েই সন্তানদের সেখানে পাঠাবেন। আর যদি তিনি তা করতে ব্যর্থ হন, তবে ছাত্র-ছাত্রীদের বেসরকারি স্কুলের সমস্ত ফি নিজের পকেট থেকে দেওয়ার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন তিনি!