জোর করে ধর্মান্তর রুখতে আসছে কড়া আইন! জমি কেনাবেচায় কঠোর বিধিনিষেধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের উন্নয়নকে গতিশীল করতে চলতি অর্থবর্ষের আট মাসে ১,৬১০ কোটি টাকার মেগা রোডম্যাপ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের পর্যালোচনা বৈঠক শেষে তিনি জানান, বিগত সরকারের আমলে অবহেলিত এই অঞ্চলকে পুনরুজ্জীবিত করতে এর মধ্যে ১,৬০০ কোটি টাকা খরচ হবে সরাসরি উন্নয়নমূলক খাতে। পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েতগুলিকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি অঞ্চলে অন্তত ৫০ লক্ষ টাকার কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে জঙ্গলমহল অঞ্চলে বিদেশি অর্থ সাহায্যে দরিদ্র মানুষকে বিভ্রান্ত করে বেআইনি ধর্মান্তর ও মৌলবাদী তৎপরতা চালানোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, খুব শীঘ্রই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি এবং জোর করে ধর্মান্তর রুখতে কঠোর আইন আনা হবে। একই সঙ্গে জমি কেনাবেচার ক্ষেত্রেও নতুন আইনি বিধিনিষেধ জারি করা হবে। এছাড়া সরকারি নিয়োগে স্বচ্ছতার গ্যারান্টি দিয়ে তিনি জানান, পিএসসি ও এসএসসি-কে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে এবং মেধার ভিত্তিতেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।