ভোটার তালিকা থেকে নাম কাটা! নিট ও সরকারি চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জেরে অনিশ্চিত হয়ে পড়েছে এক চিকিৎসাপ্রার্থীর নিট কাউন্সেলিং এবং এক যুবকের সরকারি চাকরি। স্রেফ এই আইনি জটের কারণে ভবিষ্যৎ নিয়ে গভীর সংকটে পড়া দুই মামলাকারীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও সংশ্লিষ্ট অ্যাপিলেট ট্রাইব্যুনালকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রায়ের অনুলিপি পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে নিট প্রার্থীর এবং দুই সপ্তাহের মধ্যে যুবকের ঝুলে থাকা আপিল সংক্রান্ত মামলার আইনি নিষ্পত্তি করতে হবে।
অন্য দিকে, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা সংক্রান্ত মামলাগুলির মন্থর গতি নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম আদালত। শীর্ষ আদালত নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে, এখনও পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালে ঠিক কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়েছে, শুধু আপিল দায়ের করলেই চলবে না, বরং দ্রুত তার কার্যকারিতা নিশ্চিত করতে হবে। তবে সরকারি সুবিধা না পাওয়ার পৃথক অভিযোগগুলি হাইকোর্টে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।