সেপ্টেম্বরেই দিল্লিতে মহাযুদ্ধ, ভারত-আফগান টি২০ সিরিজের সূচি ফাঁস!

ভারত ও আফগানিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের সম্ভাব্য সূচি প্রকাশ্যে এসেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। বোর্ডের বাণিজ্যিক অংশীদারদের পাঠানো চিঠি অনুযায়ী, ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। মাত্র পাঁচ দিনের এই সংক্ষিপ্ত সফরে তিনটি টি-২০ ম্যাচই একই ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
এসিবি জানিয়েছে, এই সূচির বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্মতিও মিলেছে। তবে এখনও পর্যন্ত দুই বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এর আগে গত জুনে ভারত সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল আফগানিস্তান দল। এবার টি-২০ ফরম্যাটে দুই দলের এই নতুন দ্বৈরথ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই সূচি ফাঁস হওয়ায় ক্রীড়ামহলে শুরু হয়ে গেছে জল্পনা।