নিউ টাউনে ফিল্ম সেন্টার থেকে হেরিটেজ ওয়াক, উত্তমকুমারের জন্মশতবর্ষে মেগা সারপ্রাইজ রাজ্য সরকারের!

মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উদযাপন করতে বছরভর একগুচ্ছ আকর্ষণীয় উদ্যোগের পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেতার কালজয়ী অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। আগামী ৩ সেপ্টেম্বর বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং টলিউডের বিশিষ্টদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে সূচিত হবে এই মেগা পরিকল্পনা। উদযাপনের অংশ হিসেবে কলকাতায় আয়োজন করা হবে বিশেষ ‘হেরিটেজ ওয়াক’, যার মাধ্যমে সাধারণ মানুষ ঘুরে দেখতে পারবেন মহানায়কের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান। পাশাপাশি নন্দন চত্বরে তাঁর দুর্লভ আলোকচিত্র, সিনেমার পোস্টার ও স্মারক নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। একই সঙ্গে প্রকাশ পাবে বিশেষ স্মারক গ্রন্থ ও ডাক কভার।
উত্তমকুমারের স্মরণে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’-এর সৌন্দর্য বৃদ্ধি ও আধুনিকীকরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে নিউ টাউনে গড়ে তোলা হবে অত্যাধুনিক ‘উত্তমকুমার জন্মশতবার্ষিকী ফিল্ম সেন্টার’, যা আগামী দিনে চলচ্চিত্রচর্চা ও সংস্কৃতির নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এর পাশাপাশি নন্দনে বিশেষজ্ঞ ও শিল্পীদের উপস্থিতিতে আলোচনা সভা এবং ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও মহানায়ককে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হবে। সরকারি এই ব্যাপক উদ্যোগ বাংলা সংস্কৃতির ধারক ও বাহক মহানায়কের অনন্য শিল্পসত্তাকে নতুন আলোয় ভাস্বর করে তুলবে।