বঙ্গে কি ফের ভারী বৃষ্টির তাণ্ডব? ১৮ দিনে চতুর্থ নিম্নচাপের ভ্রূকুটি!

বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তের জেরে ফের নিম্নচাপের ভ্রূকুটি তৈরি হয়েছে রাজ্যে। মাত্র আঠারো দিনের মধ্যে এটি চতুর্থ নিম্নচাপ। এর প্রভাবে বুধবার বিকেলের পর থেকেই ভ্যাপসা গরম উধাও হয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবারে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনো বড় সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে শুক্রবার থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এবং শনিবার দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কলকাতার ক্ষেত্রে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা বহাল রয়েছে। এই সময়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।