ভরা কোটালে নদীবাঁধ ভেঙে সোজা রাস্তায় বিদেশি জাহাজ! ডায়মন্ড হারবারে চরম আতঙ্ক

ভরা কোটালে নদীবাঁধ ভেঙে সোজা রাস্তায় বিদেশি জাহাজ! ডায়মন্ড হারবারে চরম আতঙ্ক

অমাবস্যার ভরা কোটালে উত্তাল হুগলি নদীর বুকে বড়সড় বিপত্তি। সিঙ্গাপুর থেকে কলকাতা বন্দরের দিকে আসা ‘নাওতা ভূম’ নামের একটি কন্টেনার বোঝাই বিশাল বিদেশি পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ডায়মন্ড হারবারের নুরপুর ফেরিঘাটের নদীবাঁধে সজোরে ধাক্কা মারে। বুধবার সকালে ঘটা এই আকস্মিক দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে সৌভাগ্যবশত, দুর্ঘটনার সময় ফেরিঘাটে কোনো লঞ্চ বা নৌকা না থাকায় একটি বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের আধিকারিকরা।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, উত্তাল নদীর প্রবল স্রোতের কারণেই জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। তবে এই দুর্ঘটনার ফলে নুরপুরের নদীবাঁধে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে, যা বর্তমান ভরা কোটালে এলাকায় জল ঢোকার আশঙ্কা তৈরি করেছে। স্থানীয়দের দাবি, নুরপুরে এমন ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার বিদেশি জাহাজ নদীবাঁধের কাছাকাছি চলে আসার বা ধাক্কা মারার ঘটনা ঘটেছে। বারবার কেন এমন বিপত্তি ঘটছে, তা খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *