রাজনৈতিক কর্মসূচির অনুমতি নিয়ে গড়িমসি! হাই কোর্টের কঠোর বার্তায় বেকায়দায় প্রশাসন?

রাজনৈতিক এবং গণতান্ত্রিক কর্মসূচির অনুমতি দিতে অহেতুক দেরি এবং টালবাহানার অভিযোগে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করল কলকাতা হাই কোর্ট। শেষ মুহূর্তে অনুমতি খারিজ করার জেরে ছুটির দিনেও আপৎকালীন শুনানিতে বসতে বাধ্য হওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রশাসনের এই ধরনের কর্মপদ্ধতিতে আদালতের সময় নষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি স্পষ্ট ভাষায় জানান, এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট একটি রাজনৈতিক কর্মসূচির আবেদন করা হলেও প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও ৭ আগস্ট রাত সাড়ে আটটার সময় তা খারিজ করে দেওয়া হয়। নির্ধারিত সময়ের অনেক পরে সিদ্ধান্ত জানানোর কারণ নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বলেন, প্রশাসন সময়মতো সিদ্ধান্ত নিলে আবেদনকারীদের শেষ মুহূর্তে আদালতের দ্বারস্থ হতে হতো না। অন্যদিকে, শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তথ্য গোপনের অভিযোগ তুললেও আদালত সেই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। গণতান্ত্রিক অধিকারের আবেদন সামলাতে প্রশাসনের এমন অনীহা কাম্য নয় বলে জানিয়েছে উচ্চ আদালত।