রাতের অন্ধকারে মুম্বইয়ের অভিজাত বহুতলে ভয়ঙ্কর আগুন! শিশুসহ মৃত ২, আহত ৮

মুম্বইয়ের ভিলে পার্লে এলাকার একটি অভিজাত বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে ১২ তলা ওই ভবনের ১১ তলায় আচমকাই আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই লেলিহান শিখা পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক ২৩ বছরের তরুণী ও দুই বছরের একটি শিশু মারা গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উদ্ধার করে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। আগুন নেভানোর লড়াইয়ে দুই দমকলকর্মীসহ মোট আটজন আহত হয়েছেন। তবে তাঁদের সকলের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ভবনের ওই তলায় প্রচুর বৈদ্যুতিক তার ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।