ভাইজানের কামব্যাক গানে তুলকালাম, যুদ্ধের প্রেক্ষাপটে রোমান্টিক ট্র্যাক নিয়ে তীব্র বিতর্ক, জানুন বিস্তারিত

বলিউড সুপারস্টার সালমান খানের আসন্ন হাই-ভোলটেজ ওয়ার ড্রামা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভারত-চীন সেনা সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই গম্ভীর ও বিষাদময় যুদ্ধের ছবিতে হঠাৎ করেই রোমান্টিক ও পার্টি ট্র্যাক মুক্তি পাওয়ায় চমকে গেছেন সিনেপ্রেমীরা। এই গানের হাত ধরেই দীর্ঘ এগারো বছর পর ফিল্মে পূর্ণাঙ্গ প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন সালমান খান। ছবিতে তাঁর সহ-অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে এই গানে রসায়ন জমাতে গিয়ে নেটিজেনদের তুমুল ট্রোল ও প্রশ্নের মুখে পড়েছেন অভিনেতা। বুধবার কাকভোরে কোনো পূর্বঘোষণা ছাড়াই সামাজিক মাধ্যমে গানটি মুক্তি দেন সালমান।
দেশপ্রেম ও সেনার ত্যাগের কাহিনি নিয়ে তৈরি একটি স্পর্শকাতর ছবিতে এমন চটুল গান কীভাবে মানায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুরাগী থেকে শুরু করে সিনেমাপ্রেমীদের একাংশ। নেটপাড়ায় জোর সমালোচনা শুরু হতেই দর্শকদের একাংশের বক্তব্য, গালওয়ান সংঘর্ষের মতো সংবেদনশীল ও ট্র্যাজিক ঘটনার ওপর নির্মিত ছবিতে এমন ফ্লার্টাটিয়াস গান দেখে তারা বিভ্রান্ত ও হতাশ। গানটির ক্যাচি সুর থাকলেও ট্র্যাজিক গল্পের আবহকে তা একেবারেই নষ্ট করে দিচ্ছে বলে মত প্রকাশ করেছেন অনেকে। অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটিতে একজন সেনাকর্তার ভূমিকায় অভিনয় করছেন সালমান এবং তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিং।