কৃষকের ছেলের অসাধ্য সাধন! ৭ কিমি সাইকেল চালিয়ে কোচিংয়ে গিয়েই আইএএস অফিসার আদিত্য

উত্তরপ্রদেশের আজমগড়ের এক প্রত্যন্ত গ্রামের ছেলে আদিত্য সিং প্রমান করে দিলেন, প্রবল দারিদ্র্য আর প্রতিকূল পরিস্থিতিও অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য। কৃষক পরিবারের সন্তান আদিত্যর আর্থিক অবস্থা মোটেও স্বচ্ছল ছিল না, কিন্তু সিভিল সার্ভিস অফিসার হওয়ার স্বপ্ন তিনি কখনও হাতছাড়া করেননি। পরিবারের সামর্থ্য না থাকায় দিল্লিতে গিয়ে প্রস্তুতির সুযোগ পাননি তিনি। পরিবর্তে প্রয়াগরাজে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পড়াশোনার প্রতি একনিষ্ঠ নিষ্ঠা থেকে প্রতিদিন সাত কিলোমিটার পথ সাইকেল চালিয়ে কোচিং সেন্টারে যাতায়াত করতেন তিনি।
প্রস্তুতির এই কঠিন দিনগুলোতে প্রতিদিন আট থেকে নয় ঘণ্টা কঠোর পরিশ্রম করেছেন আদিত্য। প্রিলিমিনারি পরীক্ষার পর প্রস্তুতির সময়সীমা আরও বাড়িয়ে দেন তিনি। অর্থনৈতিক অনটন ও শত বাধা ডিঙিয়ে দ্বিতীয় প্রচেষ্টাতেই বাজিমাত করেছেন তিনি। ২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় হিন্দি মাধ্যমে ৫০৮তম স্থান অধিকার করে আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করেছেন আদিত্য। তাঁর এই সাফল্য আজ বহু শিক্ষার্থীর কাছে এক অনন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।