পুলিশি প্রহরাতেও রক্ষা নেই! মধ্যরাতে জনতার রোষানলে পড়ে সিতাই ছাড়লেন সাংসদ ও বিধায়ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ ও সংসদ অধিবেশন শেষে কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে সিতাই বাজারের বাড়িতে ফিরেছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া এবং তাঁর স্ত্রী তথা সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়। কিন্তু ঘরে ফেরার আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। সোমবার গভীর রাতে তাঁদের সিতাইয়ের বাড়ির সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা চালানো হয়।
তবে পুলিশের উপস্থিতিও বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে পারেনি। রাতের অন্ধকারে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে এলাকার শান্তি বজায় রাখার স্বার্থে সিতাই ছাড়ার সিদ্ধান্ত নেন এই দম্পতি। রাত প্রায় দুটোর সময় পুলিশি পাহারায় তাঁরা সিতাই ছেড়ে কোচবিহারের নিজেদের ফ্ল্যাটে ফিরে যান। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও বিভিন্ন রাজনৈতিক সমীকরণের আবহে সাংসদ-বিধায়কের এই রাতের আকস্মিক প্রস্থানকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।