আরও ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সুপ্রিম কোর্টে স্বস্তি মিলতেই জোড়া ধাক্কা! তৃণমূল কংগ্রেসের আরও চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার অভিযোগ উঠল। সাইবার অপরাধ সংক্রান্ত একটি এফআইআরের ভিত্তিতে ইন্ডিয়ান ব্যাঙ্কের এই অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধ করা হয়েছে বলে দাবি দলের। যদিও ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে কোনও বেআইনি লেনদেনের প্রমাণ নেই বলেই সাফ জানিয়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। প্রয়োজনীয় খরচ সচল রাখতে এবং টাকা তোলার অনুমতির আর্জি নিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে শাসকদল। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই নতুন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে ইডি তৃণমূলের ৪৪০ কোটি টাকাযুক্ত তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও, হাই কোর্টের নির্দেশ বহাল রেখে বিশেষ অফিসারের তত্ত্বাবধানে খরচ চালানোর অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। ঠিক যখন সেই স্বস্তি মিলেছে, তখনই আরও চার অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার ঘটনায় নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের নজর এখন বুধবারের হাই কোর্ট শুনানির দিকে।