পুরুলিয়ায় শিল্পের বিরাট বিস্ফোরণ! ৩৬০০ কোটির এই মেগা প্রজেক্টে মিলবে হাজারেরও বেশি চাকরি!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুরুলিয়ার রঘুনাথপুরে শুরু হতে চলেছে রাজ্যের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্ট। রঘুনাথপুর-১ ব্লকের দূরমুট মৌজায় ১৪৮ একর জমির ওপর গড়ে উঠতে চলা এই অত্যাধুনিক ইস্পাত কারখানায় প্রায় ৩৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। আগামী ১৭ অগস্ট এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস হওয়ার কথা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখেই এই মেগা শিল্প প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
প্রকল্পটি সম্পূর্ণরূপে চালু হলে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ১,৬০০ বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিল্প সংস্থা। ইতিমধ্যেই প্রকল্পের জন্য নির্ধারিত জমি সমতল করার কাজ শুরু হয়েছে এবং পরিবেশগত সমস্ত নিয়ম মেনেই কারখানাটি তৈরি করা হবে। স্থানীয় বিধায়ক কাজের অগ্রগতি খতিয়ে দেখে আশা প্রকাশ করেছেন যে, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার তরুণ প্রজন্মকে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না, যা পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দেবে।