অযোধ্যায় রামমন্দিরের শীর্ষ পদে কারা! পৈতে-টিকি থেকে মদ-মাংসের হিসেব নিয়ে চলছে চরম জেরা!

রাম মন্দির ট্রাস্টের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। অযোধ্যার রাম মন্দির চত্বরের গ্রিন হাউসে আয়োজিত এই ইন্টারভিউ পর্বে সারা দেশ থেকে জমা পড়া পাঁচ হাজারের বেশি আবেদন থেকে মাত্র আঠারো জন যোগ্য প্রার্থীকে শর্টলিস্ট করা হয়েছে। প্রথম দিনের দশজন প্রার্থীর মুখোমুখি সাক্ষাৎকারের পর আজ বাকি আটজন প্রার্থীর ইন্টারভিউ সম্পন্ন হচ্ছে। এই তালিকায় তিন জন প্রাক্তন আইএএস কর্মকর্তা, এক জন প্রাক্তন আইপিএস ও বেশ কয়েকজন বিশিষ্ট সামরিক আধিকারিক রয়েছেন। প্রার্থীদের প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তাঁদের বিশ্বাস ও মন্দির ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি যাচাই করা হচ্ছে।
ইন্টারভিউতে প্রার্থীদের ব্যক্তিগত জীবন ও ধর্মীয় আচার-আচরণ নিয়ে করা হচ্ছে নানা কৌতূহলোদ্দীপক প্রশ্ন। অনলাইনে পূরণ করা প্রায় তিন ডজন প্রশ্নের ভিত্তিতে প্রার্থীদের টিকি রাখা, পৈতে পরিধান, নিরামিষ আহার কিংবা মদ-মাংস খাওয়ার অভ্যাস সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া বড় ধর্মীয় সমাবেশে ভিড় নিয়ন্ত্রণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতাও খতিয়ে দেখা হচ্ছে। আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিটি তিন সদস্যের সংক্ষিপ্ত তালিকা ট্রাস্টের কাছে জমা দেবে, যার মধ্য থেকেই চূড়ান্ত হবে রামমন্দিরের প্রথম সিইও-র নাম।