মাত্র ৮ মাসে ৫০ মানুষের মৃত্যু, মরল ৪৫ বাঘও! মধ্যপ্রদেশের জঙ্গলে কী ভয়ঙ্কর রহস্য?

মধ্যপ্রদেশের জঙ্গলে মানুষ ও বন্য পশুর প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের প্রথম আট মাসে রাজ্যে বন্য পশুর হানায় মোট ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২২ জনের প্রাণ কেড়েছে বাঘ। এছাড়া বুনো শুয়োর, হাতি, ভালুক ও চিতা বাঘের আক্রমণেও একাধিক প্রাণহানি ঘটেছে। মার্চ থেকে মে—এই তিন মাসেই ৩০ জন প্রাণ হারিয়েছেন। মূলত স্থানীয় ও আদিবাসী মানুষ মহুয়া ও তেন্দুপাতা সংগ্রহ করতে জঙ্গল ও এর সংলগ্ন এলাকায় প্রবেশ করায় বন্য পশুর মুখোমুখি হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
অন্যদিকে, একই সময়ে রাজ্যে ৪৫টিরও বেশি বাঘের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। ২০২২ সালের গণনায় বাঘের সংখ্যা ৭৮৫ থেকে বেড়ে বর্তমানে প্রায় হাজারে পৌঁছলেও সেই অনুপাতে অভয়ারণ্যের আয়তন বৃদ্ধি পায়নি। বাঘের প্রয়োজনীয় এলাকার অভাবে তারা লোকালয় ও কৃষি জমিতে চলে আসছে। রাস্তা, রেললাইন ও বসতি বৃদ্ধির কারণে জঙ্গলের স্বাভাবিক করিডোর বিচ্ছিন্ন হয়ে পড়ায় সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হলেও স্থানীয়দের ক্ষোভ ও ভাঙচুরের ঘটনা থামছে না।