অবশেষে জয়ের হাসি! অষ্টম তফসিলে কুড়মালি ভাষা অন্তর্ভুক্তি কি তবে শীতকালীন অধিবেশনেই?

কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নয়াদিল্লিতে সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জামশেদপুরের সাংসদ বিদ্যুৎবরণ মাহাতো, গিরিডির সাংসদ সিপি চৌধুরি এবং রাজ্যসভার সাংসদ খিরু মাহাতো। কুড়মি জনজাতিদের দীর্ঘদিনের এই দাবি পূরণের জল্পনা জোরালো হওয়ায় জঙ্গলমহলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।
গত বিধানসভা নির্বাচনী প্রচারের সময়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার প্রকাশ্য ঘোষণা করেছিলেন। এর আগে বাদল অধিবেশনেই এই বিষয়ে বড় কোনো সিদ্ধান্তের আশা করা হলেও তা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক এই ধারাবাহিক উচ্চপর্যায়ের বৈঠকের পর চলতি বছরের শীতকালীন অধিবেশনেই এই দীর্ঘ প্রতীক্ষিত দাবিটি আনুষ্ঠানিক অনুমোদন পেতে পারে বলে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কুড়মি জনজাতিদের আদিবাসী তালিকাভুক্ত করার মূল দাবিটিও বর্তমানে বাস্তবায়নের পথে রয়েছে বলে বিভিন্ন মহলে জোর আলোচনা শুরু হয়েছে।