দুই স্ত্রীকে এক ঘরে রাখতে হবে! অদ্ভুত দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক

পুরুলিয়ার জয়পুরে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। দুই স্ত্রীকে একই সঙ্গে নিজের বাড়িতে রাখার দাবিতে ২০০ ফুটের বেশি উঁচু মোবাইল টাওয়ারে চড়ে বসলেন এক যুবক। জানা গিয়েছে, পুরুলিয়া মফস্বল থানার পালঞ্জা গ্রামের বাসিন্দা আজহারউদ্দিন আনসারির প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান রয়েছে। গত মঙ্গলবার তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে আনলে সংসারে তুমুল অশান্তি শুরু হয়। পরিস্থিতি ঘোরালো হলে বুধবার সকালে দ্বিতীয় স্ত্রীর পরিবারের লোকজন তাঁকে বাপের বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। এই ঘটনায় হতাশ হয়েই ওই যুবক এমন চরম পদক্ষেপ নেন।
বুধবার বিকেলে জয়পুরের ফরেস্ট মোড় এলাকায় এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যুবকের একরোখা দাবি ছিল, দ্বিতীয় স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে এবং দুই স্ত্রীকেই একসঙ্গে থাকতে দিতে হবে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিচে ভিড় জমানো উৎসুক জনতার সামনে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই নাটকীয় পরিস্থিতি। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা ৭টা নাগাদ বুঝিয়ে তাঁকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে যুবকের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।