ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার দুর্গাপুরের পরিযায়ী শ্রমিকের পচাগলা দেহ! ১৫ দিন পর ঘনীভূত রহস্য

ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার দুর্গাপুরের পরিযায়ী শ্রমিকের পচাগলা দেহ! ১৫ দিন পর ঘনীভূত রহস্য

কাজের খোঁজে ভিনরাজ্যে গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারালেন দুর্গাপুরের এক আদিবাসী পরিযায়ী শ্রমিক। মৃত যুবকের নাম সুকুমার কিস্কু (৩৩)। তিনি কাঁকসা থানার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সুতাডাঙা এলাকার বাসিন্দা ছিলেন। গত ২৪ জুলাই দুর্গাপুর-ফরিদপুর অঞ্চলের এক ঠিকাদারের মাধ্যমে বোরিংয়ের কাজে ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় গিয়েছিলেন তিনি। কিন্তু পৌঁছনোর দু’দিনের মধ্যেই, অর্থাৎ ২৬ জুলাই থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই যুবক। তাঁর সাথে থাকা সহকর্মীরা এলাকায় ফিরে এসে পরিবারকে নিখোঁজ হওয়ার কথা জানান। এরপরই পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রায় ১৫ দিন পর ছত্তিশগড়ের এক জঙ্গল থেকে সুকুমারের ক্ষতবিক্ষত ও পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পরিজনেরা গিয়ে দেহটি শনাক্ত করেন। মৃত যুবকের ভাই সুখদেব কিস্কুর দাবি, ঠিকাদারের সাথে কাজে গিয়ে কীভাবে তাঁর ভাইয়ের এই মর্মান্তিক পরিণতি হলো তা অস্পষ্ট। কীভাবে তিনি ওই গভীর জঙ্গলে পৌঁছালেন এবং তাঁর মৃত্যুর আসল কারণ কী, তা নিয়ে তীব্র ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার নেপথ্যে থাকা রহস্য উদঘাটনে সুকুমারের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *