১৭ অগস্ট দেশজুড়ে স্তব্ধ হতে পারে কাজ? একগুচ্ছ দাবি নিয়ে কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিল বিএমএস!

আগামী ১৭ অগস্ট দেশজুড়ে বৃহৎ বিক্ষোভ, মিছিল ও ধর্না কর্মসূচির ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। সম্প্রতি রাঁচিতে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের ২৮টি রাজ্য ইউনিট ও ৪২টি ইন্ডাস্ট্রিয়াল ফেডারেশন একযোগে জেলা সদরগুলিতে এই কর্মসূচি পালন করবে। জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। বিএমএস-এর প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— ইপিএস-৯৫-এর অধীনে ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করা, ইএসআই ও ইপিএফ-এর বেতনসীমা বৃদ্ধি, নতুন শ্রমবিধি অনুযায়ী পূর্ণ মজুরির ভিত্তিতে বোনাস, গ্র্যাচুইটি গণনায় ৩০ দিনের মজুরি হিসাব করা এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সমকাজে সমবেতন ব্যবস্থা চালু করা। এছাড়া, ব্যাঙ্কিং ক্ষেত্রে পাঁচ দিনের কর্মসপ্তাহ ও পুরনো পেনশন ব্যবস্থা (OPS) পুনর্বহালেরও জোরালো দাবি জানানো হয়েছে।
পাশাপাশি, দেশের প্রায় ১ কোটিরও বেশি ‘স্কিম ওয়ার্কার’—যেমন অঙ্গনওয়াড়ি, আশা কর্মী ও মিড-ডে মিল কর্মীদের সামাজিক সুরক্ষা এবং সঠিক স্বীকৃতির দাবি তুলেছে সংগঠনটি। বিএমএস-এর অভিযোগ, দিনে ১২ ঘণ্টারও বেশি কাজ সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কর্মীদের শ্রমবিধিতে অন্তর্ভুক্ত করা হয়নি বা শ্রমিকের স্বীকৃতি দেওয়া হয়নি। বর্তমান চার শ্রমবিধির শ্রমিক-বিরোধী নিয়মগুলির প্রয়োজনীয় সংশোধন, শূন্য পদ পূরণ এবং ভারতের অসংগঠিত ক্ষেত্রের বিপুল কর্মীদের জন্য একটি সমন্বিত ও উপযোগী পৃথক নীতি প্রণয়নের জোর দাবি জানিয়েছেন বিএমএস-এর সাধারণ সম্পাদক সুরেন্দ্র কুমার পাণ্ডে। দেশব্যাপী এই বিশাল প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিনের অনিষ্পন্ন শ্রমিক সমস্যাগুলির দ্রুত সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ওপর ব্যাপক চাপ তৈরি করাই বিএমএস-এর মূল লক্ষ্য।