কালীবেশে নিতম্ব প্রদর্শন! খুনের হুমকির মুখে পড়ে কী বললেন সেই নৃত্যশিল্পী?

গত ৮ আগস্ট কলকাতার মোহিত মৈত্র মঞ্চে ‘মহাবিদ্যা’ নৃত্যনাট্যে ছিন্নমস্তা রূপে পারফর্ম করার সময় একটি বিতর্কিত দৃশ্যের জেরে তীব্র তোলপাড় শুরু হয়েছে। মঞ্চে নাচের নির্দিষ্ট মুহূর্তে নৃত্যশিল্পী হঠাৎ পিঠ থেকে চুল সরিয়ে ফেললে তাঁর নিতম্ব প্রদর্শিত হয়, যা নিয়ে সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে। ঈশ্বরকে অবমাননা করে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চেষ্টা চলছে বলে তীব্র সমালোচনার ঝড় তোলেন নেটিজেনরা। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়তেই দেশজুড়ে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে।
এই ব্যাপক বিতর্কের মুখে পড়ে অবশেষে সোশাল মিডিয়ায় লাইভ করে মুখ খুললেন অভিযুক্ত নৃত্যশিল্পী। হাতজোড় করে সকলের কাছে ক্ষমা চেয়ে তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে বা কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তিনি এমনটা করেননি। নাচের প্রবাহে ভুলবশত ওই ঘটনা ঘটেছিল। তবে ঘটনার পর থেকে লাগাতার তাঁকে ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। নেটিজেনদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে এই আতঙ্কজনক পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার আকুল আবেদন জানান ওই শিল্পী।