ভগ্নিপতির কাঁধে চড়ে ‘জনতার দরবারে’! অবশেষে ঘুচল বেকারত্ব, চাকরি পেলেন দিব্যাঙ্গ যুবক

শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে উচ্চশিক্ষা অর্জন করলেও দীর্ঘদিন কর্মহীন ছিলেন পূর্ব মেদিনীপুরের মেচেদার আন্দুলপোতা গ্রামের বাসিন্দা মন্টু দাস। এমএ এবং বিএড পাস করার পাশাপাশি আপার প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ভাগ্যে জুটেনি চাকরি। চরম প্রতিকূলতার মাঝেও হার না মানা সেই যুবক অবশেষে ভাগ্যের চাকা ঘোরাতে ভগ্নিপতির কাঁধে চেপে হাজির হন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির ‘জনতার দরবারে’। নিজের অসহায়তা ও শিক্ষাগত যোগ্যতার কথা তুলে ধরে জেলা সভাধিপতি বামদেব গুছাইতের মুখোমুখি হন তিনি।
মন্টুর অদম্য ইচ্ছেশক্তি ও শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত মানবিক পদক্ষেপ নেয় জেলা প্রশাসন। বুধবার মেচেদার শান্তিপুরের একটি পিএইচই দপ্তরে পাম্প অপারেটর পদে তাঁর চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে যাতায়াতের সুবিধার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি ব্যাটারিচালিত ট্রাই-সাইকেল। চাকরি ও ট্রাই-সাইকেল পেয়ে আবেগে ভাসে মন্টুর পরিবার, আর প্রশাসনের এই মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।