বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল! বিএনপির এই চাঞ্চল্যকর চালে কী বার্তা ঢাকার?

বাংলাদেশের রাজনীতিতে এক বড়সড় পটপরিবর্তন ঘটতে চলেছে। প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী শূন্য পদে অনুষ্ঠিত হতে যাওয়া ২০ অগাস্টের নির্বাচনে শাসকদল বিএনপির তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে দলের বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগিরকে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে এই সিদ্ধান্তের পর ইতিমধ্যেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭৮ বছর বয়সি ফখরুল। প্রার্থী হওয়ার পরপরই তিনি দলের মহাসচিব ও স্ট্যান্ডিং কমিটির পদ থেকে ইস্তফা দেন। সংসেদ বিএনপির স্পষ্ট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায়, বিরোধী জোট প্রার্থী ওলি আহমেদকে পেছনে ফেলে তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কেবল একটি আনুষ্ঠানিক পদ পূরণ নয়, বরং বিএনপির একটি অত্যন্ত হিসেবি চাল। নির্বাচনী ইস্তাহারে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, যা পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ফখরুলের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলতে পারে। তবে ভারত-বিরোধী কঠোর অবস্থান এবং চিনের সঙ্গে সুসম্পর্কের পক্ষে সওয়াল করা ফখরুল দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হতে চলায়, আগামী দিনে ঢাকা ও দিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক কোন দিকে মোড় নেবে—তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে।